অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি :

2 Min Read
ছবি - ভিডিও থেকে নেওয়া।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপাচার্য যখন গাড়ি থেকে নামছিলেন, তখন স্নাতক (পাস) ২০২২ সালের কিছু পরীক্ষার্থী তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে কয়েকজন দুষ্কৃতকারী ভিসির ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং তিনি আঘাতপ্রাপ্ত হন।

এই বিষয়ে উপাচার্যের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২২ সালের স্নাতক (পাস) শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে প্রস্তুতি নিতে পারেননি বলে অটোপাসের দাবি জানিয়ে আসছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করে পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশাপাশি খাতা পুনর্মূল্যায়নের সুযোগ ও গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থাও রাখা হয়। এর ফলাফল চলতি মাসেই প্রকাশ হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, কিছু ব্যর্থ শিক্ষার্থী এবং বহিরাগত উসকানিদাতাদের প্ররোচনায় আন্দোলন নতুন করে বেগ পায় এবং তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর গাজীপুরের গাছা থানায় মামলার প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জানান, “অটোপাসের কোনো সুযোগ নেই। উপাচার্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *