অবৈধ বালু উত্তোলন: ফেনীতে বিএনপি নেতাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

By ফেনী প্রতিনিধি :

2 Min Read

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প স্থাপনের অভিযোগে বিএনপি নেতাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০–৫৫ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে যাদের নাম রয়েছে তাঁদের মধ্যে আছেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মহিম, নুর আলম, নিজাম উদ্দিন, মিরসরাই বিএনপি নেতা শেখ ফরিদ মেম্বার, জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম রানা, মুন্সি, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ, আজিজ মেম্বার, শাহজাহান সাজু, হক সাহাব, ছাত্রদল নেতা নুর আলম শামীম, মাসুদ, যুবদল নেতা হায়দার আলী মাসুদ ভূঞা, রিপন, রাজু, মিলন ভূঞা ও উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল আউয়াল সজীব।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনা এলাকায় বড় ফেনী নদীর পাড় থেকে আসামিরা ড্রেজিং মেশিন ব্যবহার করে বালু ও মাটি উত্তোলন করে। পাশাপাশি সরকারি জমি দখল করে সেখানে মাছের প্রকল্পও স্থাপন করা হয়। এতে নদীর তীর ভাঙন, চর সৃষ্টি এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

অন্যদিকে, ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার কলমির চরে আরেক দল আসামি স্কেভেটর মেশিন দিয়ে সরকারি জমি কেটে মাটি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করে মাছের প্রকল্প গড়ে তোলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী ২০২৩), ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘন করেছে। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তারা পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেছে।

ওসি বায়েজিদ আকন বলেন, ঘটনার পর বুধবার মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *