অসুস্থ যাত্রী নিয়ে সিলেট-লন্ডন ফ্লাইটের ইস্তাম্বুলে জরুরি অবতরণ

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইট মাঝ আকাশে এক যাত্রীর অসুস্থতার কারণে তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার রাতে বিমানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসুস্থ যাত্রীর নাম শামসুন নেহার। ফ্লাইট বিজি-২০১ মাঝপথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে আসার পর পাইলট ‘মেডিকেল ইমারজেন্সি’ ঘোষণা করে বিমানটি ইস্তাম্বুলে জরুরি অবতরণ করান।

বিমানের আইন ও জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক আল মাসুদ খান জানান, অসুস্থ যাত্রী শামসুন নেহার ও তাঁর সঙ্গে থাকা দুই সহযাত্রী ইস্তাম্বুলে নেমে যান।

ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।

বিজি-২০১ ফ্লাইটটি বাংলাদেশের সময় সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল।

জরুরি অবতরণের পর ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিটে পুনরায় লন্ডনের উদ্দেশে যাত্রা করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *