জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি গ্রহণ করে, তা তাদের জন্য বিপজ্জনক হবে। তিনি বিএনপিকে আহ্বান জানান, দেশের পুনর্গঠনের কাজে মনোনিবেশ করলে তরুণরা তাদের পাশে থাকবে।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, “একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে; অন্যদিকে কিছু রাজনীতিক তাদের নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা এটি করতে চাইবে, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে।”
নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ৩৬ জুলাই বা ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। “বাংলাদেশে তাদের কোনো রাজনীতি থাকবে না। যারা অপকর্ম করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।”
তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো আওয়ামী লীগ ও মুজিববাদী প্রশ্নে একজোট হয়ে থাকুক এবং বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক ফয়সালা নিশ্চিত করা হোক। নাহিদ বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসনের সব ষড়যন্ত্র এবং দেশের অস্থিতিশীল করার প্রচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।”
