আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোট দেওয়ার অধিকার আছে: বিদ্যুৎ উপদেষ্টা

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার বাতিল হয়নি। তাই জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে ভোট দেবেন, তা কেউ নির্ধারণ করে দিতে পারে না।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব কোনো দল নেই। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

“কে জিতল আর কে হারল, সেটা আমাদের দেখার বিষয় নয়”— উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনে কারও পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষে যে দল ক্ষমতায় আসবে, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হবে সেই সরকারের পক্ষে কাজ করা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল, তখন দিনের ভোট রাতে হয়েছে— সেটা ছিল ‘লায়লাতুল নির্বাচন’। এখন বিদ্যুৎ সংকট নেই, যদিও কিছু শিল্পকারখানায় গ্যাস সংকট রয়েছে, সেটাও শিগগিরই সমাধান হবে।

এ সময় চলমান উন্নয়নকাজের প্রসঙ্গে তিনি বলেন, বাচ্চা জন্ম দেওয়ার সময় যেমন কষ্ট হয়, তেমনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে উন্নয়নকাজে সাময়িক দুর্ভোগ কোনো ব্যাপার নয়।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ অনীকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *