আজ থেকে শুরু হজযাত্রীদের ফিরতি ফ্লাইট

2 Min Read

শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এখন শুরু হয়েছে হজযাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি। মঙ্গলবার (১০ জুন) থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। এছাড়া, ১৯০ জন হজযাত্রী বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে আরও ২৩ জন ভর্তি রয়েছেন সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে।

এদিকে, হজ মৌসুমে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়ে। ৫ জুন তারা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর ৬ জুন পশু কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ, বিদায়ী তাওয়াফ ও সাঈর মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিক কার্যক্রম।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তাপজনিত রোগের ঘটনা আগের তুলনায় ৯০ শতাংশ কম ছিল। উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়া বা আইসিইউ-তে নেওয়ার প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময়ে প্রায় ১ হাজার ৩০১ হাজি প্রাণ হারান এবং ২ হাজার ৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় ভোগেন। এরপর সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে এ বছর তাপজনিত রোগের প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *