নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে সংবিধানের ২৭৩(১) অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন।শুক্রবার সকাল থেকে শীতল নিবাসে রাষ্ট্রপতির কার্যালয়ে টানা আলোচনার পর সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিষয়ে সমঝোতা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল।
এই সিদ্ধান্ত আসে বিক্ষুব্ধ জেন-জেড প্রজন্মের আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে, যারা অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে দলনিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছিলেন।
প্রেস উপদেষ্টা পোখরেল জানান, সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি আজ রাত সাড়ে ৯টার দিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, নেপালে চলমান জেন জেড বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৩ জন পুলিশ সদস্য, ৯ জন কারাবন্দি, ১৮ জন সাধারণ মানুষ এবং একজন ভারতীয় নারী রয়েছেন।
স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ডা. বিকাশ দেবকোটা জানান, বর্তমানে দেশজুড়ে ৫২টি হাসপাতালে ২৮৪ জন আহত চিকিৎসাধীন আছেন। এর বাইরে এ পর্যন্ত ১ হাজার ৭৭১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত সপ্তাহের শুরুতে শুরু হওয়া এই বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পুলিশের গুলিতে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর পর সহিংস রূপ নেয়।
– দি হিমালয় টাইমস
