আনসারের পোশাকে প্রতারণা, রাঙামাটিতে ভুয়া সদস্য আটক

By রাঙামাটি প্রতিনিধি :

1 Min Read

আনসার বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে রাঙামাটির শহরের আমানতবাগ এলাকা থেকে রুবেল চাকমা (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া এলাকার অনিল কুমার চাকমার ছেলে।

আনসার ব্যাটালিয়নের সূত্রে জানা গেছে, রুবেল চাকমা আনসার বাহিনীর ইউনিফর্ম পরে ফেসবুকে ছবি পোস্ট করতেন এবং নিজেকে বাহিনীর সদস্য বলে পরিচয় দিতেন। এভাবে মানুষের বিশ্বাস অর্জন করে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করতেন। শুধু শান্তু চাকমা, বাচ্চুমনি চাকমা ও বিপলন চাকমার কাছ থেকেই তিনি নিয়েছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

প্রতারিত ব্যক্তিরা নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে আনসার ব্যাটালিয়নের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর অনুসন্ধান চালিয়ে ব্যাটালিয়ন সদস্যরা রুবেলকে আটক করে।

রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন বলেন, “রুবেল চাকমা আনসারের কোনো সদস্য নন। তিনি দীর্ঘদিন ধরে আনসারের পোশাকে ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ছড়িয়েছেন। চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন। তাকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”

আসল আনসারের হাতে ধরা পড়া এই ভুয়া সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *