পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মধ্যে সম্পর্ক ও বৈষম্য দূরীকরণ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মুহাম্মাদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এই বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে, তাই মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এসব হচ্ছে নাশকতামূলক কাজ।
শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে সাভারের আশুলিয়ার শিল্পকারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. ফাওজুল কবির খান বলেন, আরইবি ও পবিসে কর্মরতদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে তাদের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত একটি কমিটি এ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে, যা আগামীকাল উপস্থাপন করা হবে। এরপরই সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি পবিস কর্মীদের আন্দোলন ও বিদ্যুৎ সংযোগ বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, আগেও ২৬-২৭টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এতে পরিস্থিতির উন্নতি হয়নি, বরং নাশকতা হয়েছে। সরকার বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিয়েছে।
শিল্পকারখানার বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ আগের চেয়ে অনেক ভালো। সমুদ্র উত্তাল থাকায় কয়েকদিন গ্যাস সরবরাহে সমস্যা হলেও আজ (৩১ মে) থেকে পরিস্থিতির উন্নতি হবে।
এ সময় তিনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় কন্ট্রাক্টররা চলে গিয়েছিল, এখন আবার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

