আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্টের চালক নিহত

By মনির মণ্ডল, সাভার :

2 Min Read
প্রতীকী ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানচালক মো. শামীম হোসেন (৩০) নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত শামীম হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বসবাস করতেন এবং শাহ্ সিমেন্টের কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

রিকশাচালক সাগর আলী জানান, সকালে বিশমাইল এলাকায় যাত্রী নামানোর পর রাস্তায় লোকজনের ভিড় দেখতে পান। কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় শামীমকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় তিনি নিজের রিকশায় শামীমকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শামীম মারা যান।

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, সকাল সোয়া ৮টার দিকে শামীমকে হাসপাতালে আনা হয়। তিনি মৃত অবস্থায় আসায় চিকিৎসা দেওয়ার সুযোগ মেলেনি।

শাহ্ সিমেন্ট কোম্পানির পরিদর্শক মো. হানিফ সিকদার বলেন, “খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসি। প্রাথমিকভাবে জেনেছি ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। তবে তার কাছ থেকে কী ছিনতাই হয়েছে, সেটি এখনো জানা যায়নি।”

এসআই মেহেদী হাসান আরও বলেন, নিহতের ডান পায়ের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *