আশুলিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

By সাভার প্রতিনিধি :

2 Min Read

আশুলিয়ার ভাদাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি, ছিনতাইয়ের সরঞ্জাম ও প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে দুপুরে ভাদাইল থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মানিকগঞ্জের ঘিওর থানার কুসতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি গ্রামের মৃত শাহিন প্রামাণিকের ছেলে মো. শান্ত (২৪)।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় এক আহত সিএনজি চালক তাদের কাছে সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার সিএনজি ছিনতাই করে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে যায়।

ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিন ঘণ্টার অনুসন্ধানে ভাদাইলের একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করা হয়। এসময় দুই ছিনতাইকারীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *