আশুলিয়ার মধুপুর ফারুকনগর এলাকায় মুক্তিপণের টাকা না পেয়ে জোনায়েদ (৫) নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। ঘটনার ১৩ দিন পর র্যাব-৪ এর একটি দল মূলহোতা মোরসালিনকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় একটি জঙ্গল থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোনায়েদ গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে তিনি আশুলিয়ার ফারুকনগর এলাকায় ভাড়া থাকতেন।
গ্রেপ্তার মোরসালিন (রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা) একই বাড়ির ভাড়াটিয়া। র্যাব জানায়, ১৬ আগস্ট খেলার কথা বলে সে শিশুকে ডেকে নিয়ে যায় এবং পরে টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে মরদেহ ফেলে রাখে।
এরপর ২৮ আগস্ট জোনায়েদের মায়ের কাছে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে মোরসালিন। সেই সূত্র ধরে তাকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, মোরসালিন ঋণগ্রস্ত ছিলেন। ঋণ শোধ করার উদ্দেশ্যে তিনি জোনায়েদকে অপহরণ করেছিলেন। তবে মুক্তিপণ আদায় করতে না পেরে শিশুটিকে হত্যা করেন।
