ঈদের জামাতে ড. ইউনূস, জনতার কণ্ঠে প্রত্যাশা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

2 Min Read

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ৭টা ৪৩ মিনিটে জামাত শেষ হয়।

নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।”

এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অন্য উপদেষ্টাদের সঙ্গেও কুশল বিনিময় করেন ড. ইউনূস।

ঈদগাহ প্রাঙ্গণ ত্যাগের সময় প্রধান উপদেষ্টা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় জনতার মাঝ থেকে অনেকে আবেগঘন সুরে তাকে উদ্দেশ করে বলেন, “স্যার আপনাকে পাঁচ বছর চাই। দালালদের কথা শুনবেন না।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে আয়তনে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটারের বিশাল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নেন। নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাতে শিশু, বয়স্ক এবং পরিবারের সদস্যদের একত্রে উপস্থিতিতে পুরো ময়দানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *