ব্যাংক থেকে টাকা তুলে বেরোতেই হামলা, ১০ ঘন্টার মধ্যে লাখো টাকা উদ্ধার–গ্রেফতার তিন ডাকাত

By সিয়াম সাদিক,উত্তরাঞ্চল ব্যুরো :

2 Min Read

বগুড়ায় দিনের আলোয় ব্যাংক থেকে টাকা তুলে হোটেলে খেতে যাওয়া এক মরিচ ব্যবসায়ীকে টার্গেট করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ছুরি ঠেকিয়ে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন। তবে ঘটনাস্থলের আতঙ্ক কাটতে না কাটতেই পুলিশি তৎপরতায় নাটকীয় মোড়, মাত্র ১০ ঘন্টার মধ্যে তিন ডাকাত গ্রেফতার ও ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দত্তবাড়ী এলাকায়। মামলার এজাহারে বলা হয়েছে, শুকনা মরিচ ব্যবসায়ী ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। দুপুরে স্থানীয় একটি হোটেলে খেতে গেলে ৭-৮ জন সশস্ত্র যুবক অতর্কিতে হামলা চালিয়ে ফিরোজা রঙের ব্যাগ থেকে নগদ ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে ব্যবসায়ী ও তার ভাই আহত হন।

ঘটনার পরপরই বগুড়া সদর থানায় ডাকাতি মামলা (এফআইআর নং-৭১/১৯-০৯-২৫) রুজু হয়। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্র ব্যবহার করে রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামি রাজন ওরফে কালা রাজন, রিয়াজ ও লিটনকে গ্রেফতার করেন।

তল্লাশিতে রাজনের কাছ থেকে ২ লাখ টাকা এবং লিটনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দতালিকা মোতাবেক সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, অভিযানের ১০ ঘন্টার মধ্যেই আমরা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিন আসামিকে গ্রেফতার করা হলেও ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *