চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষিত ১২ অক্টোবরের পরিবর্তে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। চাকসুর বিভিন্ন পদে বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহসভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ২২ জন, খেলাধুলা সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক ১৫ জন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১৮ জন, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন প্রার্থী হয়েছেন।
তাছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১১ জন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ২০ জন, স্বাস্থ্য সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক ১১ জন এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সদস্যের পাঁচটি পদে প্রার্থী হয়েছেন ৮৪ জন।
চাকসুর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখও পিছিয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নতুন তারিখ ধরা হয়েছে ১৬ অক্টোবর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা নিশ্চিত করতে পারেনি। ফলে নির্বাচন আয়োজনের পরিবেশ অনুকূলে না থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

