এক্সপ্রেসওয়েতে আবারও প্রাণহানি, নিহত ৩

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় প্রাইভেটকারের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাওয়ামুখী একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মারা যান আওলাদ হোসেন (২১) ও হাবিল (২২)। গুরুতর আহত কাইয়ুম (২২) ও ইমন (২৩)-কে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রওশুনিয়া খিলাপাড়া গ্রামে। তারা হলেন—আওলাদের বাবা আনোয়ার হোসেন, কাইয়ুমের বাবা মঙ্গল মিয়া, হাবিলের বাবা মো. হাশেম এবং আহত ইমনের বাবা বাচ্চু মিয়া।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার শনাক্তের চেষ্টা চলছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।

এর আগে একইদিন সকালে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে আরও তিনজন নিহত হন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *