জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হওয়ায় তার নামে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।
জানা গেছে, চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একাধিক সাংবাদিকের নম্বরে টাকা চাওয়ার বার্তা পাঠানো হয়েছে। একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় লেখা হয়- ‘আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব।’ আরেকজন সাংবাদিকের কাছে পাঠানো হয়— ‘আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে?’
এনবিআর কর্মকর্তারা বলছেন, এটি স্পষ্টত প্রতারণার চেষ্টা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
