গোপালগঞ্জে ফেরার পথেও এনসিপি নেতাদের উপর হামলা

By বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে হামলার মুখে পড়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে শহরের পৌরপার্ক এলাকার সমাবেশস্থল ত্যাগ করার সময় বহরে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পুলিশ ও র‍্যাবের পাহারায় শহর থেকে কেন্দ্রীয় নেতাদের বের করে নেওয়ার চেষ্টা হলেও হামলার তীব্রতায় তাদের আবার শহরের দিকে ফিরিয়ে আনা হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালেও তারাও হামলার মুখে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন।

এর আগে সকাল থেকে গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। সদর উপজেলার উলপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে শহরের পৌরপার্কে আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা হয়। সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ারসহ সমাবেশস্থলের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা।

তবে আইনশৃঙ্খলাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।এসময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *