কক্সবাজারে ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ দর্শকের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি ও মাঠের বিভিন্ন অবকাঠামো।
জানা যায়, রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে টিকিট সংগ্রহে ভিড় জমায় দর্শকরা। নির্ধারিত মূল্য ছিল ৫০ টাকা, তবে আয়োজক কমিটি অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে। অভিযোগ উঠেছে, ৫ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়, যা ২০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে।
গ্যালারিতে জায়গা না পেয়ে বেলা আড়াইটার দিকে ক্ষুব্ধ দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। এতে খেলা শুরু করার সুযোগ হয়নি। পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। বাইরে প্রবেশে ব্যর্থ দর্শকরাও স্টেডিয়ামে ভাঙচুর শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অবস্থানরত দর্শকদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
তবে এর কিছুক্ষণের মধ্যেই গ্যালারি ও মাঠে আবারও হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে আয়োজক কমিটি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্টেডিয়ামের একাংশে আগুন জ্বলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

