কক্সবাজারে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।
এগুলোর মধ্যে ৬টি মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক নচিকেতা চক্রবর্তী এবং বাকি ২টি মামলার বাদী একই কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ।
আসামিদের মধ্যে রয়েছেন পেকুয়া উপজেলার মগনামার মৃত অজিউল্লাহ চৌধুরীর ছেলে আকতার কামাল চৌধুরী, জাফর আলম চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মো. জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও তার স্ত্রী আলকামা বসরী সিলভা। এছাড়া টেকনাফ উপজেলার নীলা এলাকার আব্দুল গাফফারের ছেলে স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম ওরফে বাবুল এবং তার স্ত্রী সালেহা বেগমও মামলার আসামি।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অনুসন্ধানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় মামলাগুলো করা হয়েছে। শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

