কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ কার্যক্রম চলাকালে পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কস্তুরাঘাট-খুরুশকূল সেতুর সংলগ্ন এলাকায় এ হামলায় পুলিশের এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিআইডব্লিউটিএ সোমবার থেকে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। দ্বিতীয় দিনের অভিযানে যৌথ বাহিনী উপস্থিত থাকলেও দখলদাররা বাঁধা দেওয়ার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের একজন সদস্য আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়া যাবে না। অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ২৪ আগস্ট হাইকোর্টের নির্দেশে বাঁকখালী নদীর সীমানা চিহ্নিত করে চার মাসের মধ্যে সব দখলদার উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলা হয়। এরপর ২৯ আগস্ট নৌপরিবহন উপদেষ্টার কক্সবাজার সফরের দুই দিন পর এ অভিযান শুরু হয়।

