কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে: টুকু

By মনির মণ্ডল, সাভার:

1 Min Read

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে না পারে—সবার সজাগ থাকা জরুরি।

তিনি আরও জানান, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিএনপি স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেখানে কল্যাণমুখী সরকার গঠিত হবে এবং জনগণ নিজের সরকার নিজেরাই বেছে নেবে।

বিএনপি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময়ই চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে পারে।

আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক প্রতিরক্ষা সচিব আবু মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডলসহ আরও অনেকে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *