রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা ও স্থিতিশীলতার ওপরই নির্ভর করছে তাঁকে কবে বিদেশে নেওয়া হবে। চিকিৎসার মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও খালেদা জিয়ার স্বাস্থ্যই এখন মূল বিবেচ্য বিষয়। তিনি জানান, কাতারভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। পাশাপাশি মেডিকেল বোর্ডও ঐ মুহূর্তে তাঁকে বিদেশে নেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করেছিল।
ডা. জাহিদ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন এবং চিকিৎসকদের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে চিকিৎসা সমন্বয়ের কাজে সক্রিয়ভাবে যুক্ত আছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান। পরিবারের সদস্য থেকে শুরু করে দলের নেতাকর্মী—সবাইকে নিয়মিতভাবে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবহিত করা হচ্ছে।
এর আগে শনিবার বিকাল ৩টা ৩৮ মিনিটে লন্ডন থেকে আসা জুবাইদা রহমান দ্বিতীয় দিনের মতো হাসপাতালে গিয়ে সিসিইউতে খালেদা জিয়ার খোঁজখবর নেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান।
