সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং কোনো ধরনের ঘাটতি না থাকে এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট সব পক্ষকে তিনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রফেসর ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হচ্ছেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করছেন। তিনি দেশের জনগণের প্রতি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন।
প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তাঁর চিকিৎসা ব্যবস্থায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে বড় অনুপ্রেরণার নাম। তাঁর সুস্থতা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও দায়িত্বশীলদের সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
