খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি পাঠিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) খালেদা জিয়ার আরোগ্য কামনায় ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার চিঠিতে জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জানার পর তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। তিনি লেখেন, “পাকিস্তানের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান পাকিস্তান সরকার গভীরভাবে মূল্যায়ন করে।

শাহবাজ শরিফ চিঠিতে প্রার্থনা জানান, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে আপনি আপনার দল ও জাতির জন্য দিকনির্দেশনা প্রদান অব্যাহত রাখতে পারেন।”

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নতি হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *