খালেদা জিয়া সুস্থ, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন: মির্জা ফখরুল

2 Min Read

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আগের চেয়ে ভালো আছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। আমাদের নেত্রী, যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘ সময় রাজনীতি করে এসেছি, যার নেতৃত্বে বিএনপি বহু সাফল্য অর্জন করেছে—তিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন। তাঁর সঙ্গে কথা বলে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের প্রতি তাঁর যে অটল বিশ্বাস, তা প্রতিটি কথার মধ্যেই প্রকাশ পায়। তিনি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার পক্ষে। আমরা তাঁর সঙ্গে দেখা করে সন্তুষ্ট হয়েছি। আরও কয়েকজন সিনিয়র নেতা তাঁর সঙ্গে দেখা করবেন।”

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, “তিনি আগের চেয়ে ভালো আছেন। সুস্থ আছেন, ইনশাআল্লাহ আরও ভালো থাকবেন। তিনি সবাইকে, দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর ও দেশের জন্য দোয়া চেয়েছেন।”

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজায় প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখও বেগম জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *