শুক্রবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ইউনূস বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করার পক্ষপাতী ছিলাম না। কিন্তু আজ আমাকে আশার বাণী থেকে সরে গিয়ে ভয়ংকর বাস্তবতার কথা বলতে হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, চরম জাতীয়তাবাদ, ধ্বংসাত্মক ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগের প্রতি উদাসীনতা বহু দশকের পরিশ্রমে অর্জিত বৈশ্বিক অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে।
গাজার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইউনূস বলেন, শিশুরা না খেয়ে মরছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস করে গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে।
জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়ে তিনি আরও বলেন, আমাদের চোখের সামনেই এক ভয়াবহ গণহত্যা চলছে। কিন্তু মানবজাতি এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করছে না। ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্ম এই ব্যর্থতাকে ক্ষমা করবে না।