পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে মাদারিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে গলাচিপার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন সম্মানিত ব্যক্তিত্ব। একইসঙ্গে শিক্ষক হিসেবে তিনি প্রজন্মকে শিক্ষা দিয়েছেন মানবিকতা, সততা ও নৈতিকতার মূল্যবোধ।
তার মৃত্যুতে প্রেসক্লাব, শিক্ষক সমাজ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গলাচিপা প্রেসক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি অভিভাবকসুলভ একজন প্রজ্ঞাবান নেতৃত্বকে। সাংবাদিক সমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় মরদেহ তার নিজ গ্রাম ডাকুয়া ইউনিয়নের আটখালীতে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তার প্রয়াণে গলাচিপা উপজেলাজুড়ে গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা তাকে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
