‘গহীন অতল’ আসছে ওটিটিতে, নতুন রূপে সাদিয়া ইসলাম মৌ

By বিনোদন ডেস্ক :

2 Min Read

দীর্ঘদিন ধরে দেশের ফ্যাশন ও টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং কিংবা অভিনয় দুই ক্ষেত্রেই তিনি নিজস্ব শৈলী, সৌন্দর্য ও অভিনয়দক্ষতায় বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তাঁকে দেখা যাবে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’ – এ, যেখানে তিনি অভিনয় করছেন এক জটিল ও গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই কাজের অভিজ্ঞতাকে মৌ নিজেই বলছেন আনন্দদায়ক ও পরিপূর্ণ।

‘গহীন অতল’-এর কাহিনি কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলেও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে চিত্রনাট্যটি, যেটি লিখেছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর।

গল্পের কেন্দ্রীয় চরিত্রে একজন মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ এবং সন্তানকে রক্ষার সংগ্রামের নৈতিক দ্বন্দ্ব এই জটিল আবহে অভিনয় করেছেন মৌ।

এই ওয়েব ফিল্মে মৌয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।

একটি বিশেষ চরিত্রে ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার।

সহশিল্পীদের প্রসঙ্গে মৌ বলেন, সবাই খুব আন্তরিক ছিলেন। একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে। পুরো টিমে একটা ইতিবাচক আবহ ছিল, যা পর্দায়ও প্রতিফলিত হবে বলে মনে করি।

পরিচালক আকা রেজা গালিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, গালিব খুবই যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ।

ওটিটি প্রসঙ্গে মৌ বলেন, ওটিটি এখন দর্শকদের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। এখানে গল্পগুলো অনেক বেশি বাস্তব, চরিত্রগুলো গভীরভাবে উপস্থাপন করা যায়। অভিনয়শিল্পীর জন্যও এটি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা।

- Advertisement -

ওয়েব ফিল্মটির নির্মাতা আকা রেজা গালিব বলেন, গহীন অতল’ মূলত একটি পারিবারিক গল্প হলেও এর মধ্যে রয়েছে একটি থ্রিলার ধারা, যা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে। সময়োপযোগী করতে গল্পের কিছু অংশ ও চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে।

ওয়েব প্ল্যাটফর্মে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘গহীন অতল’। এরই মধ্যে দৃশ্যধারণ প্রায় শেষ, চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *