গাজায় রক্তাক্ত ঈদ: ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

1 Min Read

গাজায় পবিত্র ঈদুল আজহার দিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি অঞ্চলটিতে মানবিক সহায়তা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। খবর আল-জাজিরার।

আল-জাজিরার বরাতে জানানো হয়, শনিবার (৭ জুন) খান ইউনূসের নাসের হাসপাতালে একসঙ্গে ১৬টি মরদেহ পৌঁছে। এছাড়া গাজার উত্তরের আল-শিফা হাসপাতালে আরও ১৬ জনের মরদেহ নেওয়া হয়েছে। গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে পাঁচজন এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আরও পাঁচজনের মরদেহ পৌঁছেছে।

অবরুদ্ধ গাজায় ঈদের দিনও থেমে থাকেনি ইসরায়েলি আক্রমণ। দিনের শুরুতেই ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। আহতদের একটি বড় অংশ শিশু ও নারী।

এদিকে, বৃহস্পতিবার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়া এক ফিলিস্তিনি সাংবাদিক শুক্রবার মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জন।

মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংস্থা জানিয়েছে, নিরাপত্তাহীনতার কারণে ঈদের দিনও গাজা উপত্যকায় খাদ্য বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে। জিএইচএফ জানায়, খাদ্যসামগ্রী, ওষুধ ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছে গাজার মানুষ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *