গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর কোলে নিয়ে আদালতে নারগিস

By ‎জেলা প্রতিনিধি, ঝালকাঠি :

2 Min Read
আদালত পাড়ায় হাজির হয়েছেন নারগিস, ছবি - নিউজনেক্সট।

ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে নারগিস আক্তারের(২৫) স্বামীর পূর্বের ঋণের দায়ে গাভী কেড়ে নিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই গাভির এক মাস বয়সী বাছুরটিকে কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠি আদালত পাড়ায় হাজির হয়েছেন অসহায় নারী নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে মৃতপ্রায়। বোতলে দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

‎নারগিস জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে একটি দুধেল গরু কেনেন তিনি। গরুটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। হঠাৎই গত বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান স্বামীর ২০ হাজার টাকার পুরনো ঋণের কথা বলে গরুটি নিয়ে যান।

‎নারগিস বলেন, আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরু কিনেছি দুধ বিক্রি করে চলবো বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছে।

‎এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, এই ঘটনার সময় আদালত পাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোন অভিযোগ এখনো নাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সত্যতা মিলে গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *