গুজব নয়, তথ্যে ভরসা রাখুন: বিমান বাহিনী প্রধান

2 Min Read
কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ব্রিফ করেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশবাসীকে দেশের সংকটময় সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে কিছু গোপন করার নেই, আমরা সবাই এ দেশের মানুষ। কার কাছে বা কেন গোপন করব?

মঙ্গলবার (২৩ জুলাই) ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে কুর্মিটোলা বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দয়া করে গুজব ছড়িয়ে এই শক্তিশালী প্রতিষ্ঠানকে দুর্বল করবেন না। তিনি জানান, যে কোনো তথ্য পাওয়া মাত্রই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেটি জনসম্মুখে প্রকাশ করছে।

বিমান রক্ষণাবেক্ষণ নিয়ে তিনি বলেন, বিমান বাহিনী কখনও রক্ষণাবেক্ষণে আপোষ করে না। একটি বিমানের নির্ধারিত লাইফ টাইম থাকে, সেটা এক যুগ হোক বা দুই যুগ। প্রযুক্তি কিছুটা পুরোনো হতে পারে, কিন্তু আমাদের ব্যবহৃত বিমানগুলো পুরোনো নয়। নিয়মিত ও সুচারু রক্ষণাবেক্ষণের মধ্য দিয়েই এগুলো চালানো হয়।

বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, তদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। কোনো ঘাটতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তিনি প্রাণপণে চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবসতিহীন জায়গায় নিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করে তিনি বড় ধরণের ক্ষয়ক্ষতি ঠেকানোর চেষ্টা করেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *