গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

By স্টাফ রিপোর্টার :

2 Min Read

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম রমজান মুন্সী (৩২)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে সংঘর্ষে মোট নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

নিহত রমজানের ভাই ইমরান মুন্সী জানান, বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় রমজান গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কব্জির ওপর এবং ডান বগলে গুলি লাগে। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। একদিন পর তার মৃত্যু হয়। একই ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, কর্মসূচির সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ কর্মী, পুলিশ ও সেনাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ পুরো শহরে ছড়িয়ে পড়ে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক মানুষ, যাদের মধ্যে অন্তত নয়জন গুলিবিদ্ধ।

নিহত চারজন হলেন দীপ্ত সাহা (২৫) গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা, রমজান কাজী (১৮) কোটালীপাড়ার, সোহেল মোল্লা (৪১) টুঙ্গীপাড়ার এবং ইমন তালুকদার (২৪) সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার বাসিন্দা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তা শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে যৌথ বাহিনী ২৪ জনকে আটক করেছে। শহরে টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *