চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

By পাবনা প্রতিনিধি:

1 Min Read

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতের কোনো বস্তু বাধলে সেটি পানি থেকে তুলে দেখেন অনেক পুরোনো একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এ সময় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা পুকুরপাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করেন।
উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যকার সময়ের হতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষ্ণু মূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবেন বলে জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *