উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ওডিশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টার দিকে দক্ষিণ ওডিশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি স্থল নিম্নচাপ আকারে দক্ষিণ ওডিশা ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

