চা বাগানে শ্রমিক দম্পতির লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান এলাকা থেকে এক চা-শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

নিহতরা হলেন, দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)।

স্থানীয় চা-শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, নিহতদের ছোট ছেলে লিটন বুনারজি সকালে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে বাইরে গিয়ে দেখেন তার বাবাও রাস্তায় পড়ে আছেন। পরে আশপাশের শ্রমিকরা ছুটে এসে নিশ্চিত হন দুজনেই মারা গেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে।

ওসি মুরশেদুল আলম বলেন, ঘরের সামনে একটি খালি বোতল পাওয়া গেছে। মরদেহের মুখে দুর্গন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

দিলীপ-সারি দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদার বাড়িতে থাকেন, আর ছোট ছেলে লিটন থাকতেন মা-বাবার সঙ্গে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *