চীনা বিনিয়োগকারীদের ঢাকায় আগমন, নতুন অর্থনৈতিক সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ে, ছবি - ইন্টারনেট থেকে

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে ২০০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল শনিবার (৩১ মে) দুপুরে ঢাকায় পৌঁছাবে। সফরকে কেন্দ্র করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

ঢাকায় পৌঁছানোর পর চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন, রোববার, প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

চীনা প্রতিনিধিরা জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি দেশের কয়েকটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাই থাকবে মূল আলোচ্য বিষয়। বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরের সময় দুই দেশ যৌথভাবে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান আয়োজন করবে। এতে শতাধিক চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনা অন্বেষণ করবেন।

বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী ‘চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনে চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ৬–৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ চীনের চারটি চেম্বার অব কমার্সের প্রতিনিধি রয়েছেন।

বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সফর হচ্ছে। প্রধান উপদেষ্টার সদ্যসমাপ্ত চীন সফর এবং গত এপ্রিলের বিনিয়োগ সম্মেলনের তাৎক্ষণিক ফল হিসেবেই এই আয়োজনকে বিবেচনা করা হচ্ছে। ক্রমবর্ধমান চীনা আগ্রহ বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *