‘জনতা’র হাতে সাবেক সিইসি লাঞ্ছিত, বিএনপির মামলায় পুলিশ হেফাজতে

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জনগণের ভোট ছাড়াই নির্বাচন ‘সম্পন্ন’ করার অভিযোগে বিএনপির দায়ের করা মামলার আসামি হওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই ‘কথিত’ জনতার হাতে অপদস্থ হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, জনতা তাকে ঘেরাও করে, এরপর আমাদের খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।

পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম জানান, শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নূরুল হুদাকে মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।

রোববার দুপুরে বিএনপি রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে, যেখানে সাবেক সিইসি নূরুল হুদাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। তালিকায় রয়েছেন তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন সাবেক সচিব কেএম নূরুল হুদা। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কমিশনের মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি।

মামলার কয়েক ঘণ্টা পরই বিকেলে উত্তরা এলাকায় তার বাসায় গিয়ে চড়াও হয় একদল ব্যক্তি। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে হেনস্থা করেন, কেউ কেউ সেই সময় ফেসবুক লাইভও চালান। এমন এক ভিডিওতে দেখা যায়, নূরুল হুদার গলায় জুতার মালা পরানো হচ্ছে। একজন ব্যক্তি তার গেঞ্জির কলার ধরে বক্তব্য দিচ্ছেন। তার পাশেই পুলিশের পোশাক পরা একজন দাঁড়িয়ে আছেন।

উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, পুলিশ পৌঁছানোর আগেই ‘মব’ তাকে যথেষ্ট হেনস্থা করে নিচে নামিয়ে আনে। তাকে ডিম ছুড়ে মারা হয় এবং ভবনের ভেতর থেকেই দুটি জুতা এনে রশিতে বেঁধে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। সেই সময় বাসার দরজার সামনে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতার নাম নিয়ে স্লোগান দেন হামলাকারীরা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ‘স্বেচ্ছাসেবক উত্তর’ নামে স্লোগান দিতে দিতে একদল লোক নূরুল হুদাকে ঘিরে রেখেছে। তাদের একজন জুতার মালা থেকে একটি জুতা খুলে তাকে আঘাত করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুতার মালা খুলে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *