‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

By নিউইয়র্ক প্রতিবেদক:

2 Min Read
ছবি - সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় এ ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

কনস্যুলেট ভবনে প্রবেশের সময় আওয়ামী লীগের কর্মীরা পতাকা হাতে স্লোগান দিতে থাকেন— ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’। একপর্যায়ে তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম নিক্ষেপ করেন এবং ভবনের কাচের দরজা ভাঙচুর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তিনি বলেন, “একটা দেশে রাজতন্ত্র চলছিল, রাজার পরিবার পুরো দেশ দখল করে রেখেছিল। আপনারা ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটিয়েছেন। এখন তারা ডিম নিক্ষেপ করবে, কটূক্তি করবে—এটাই স্বাভাবিক।”

প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রবাসীদের জুলাই আন্দোলনে অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “জুলাই সনদে প্রবাসীদের অবদান লিপিবদ্ধ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন জুলাই চেতনাকে ধারণ করে দেশ চালায়—এটাই আমাদের প্রত্যাশা।”

ভারতীয় টেলিভিশন ও গণমাধ্যম বন্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আমি কিছু বন্ধ করার পক্ষে নই। সব সময় বিকল্প ভালো কিছুর পক্ষে কথা বলেছি। আওয়ামী লীগের কিছু বন্ধ করার পক্ষেও আমি নই।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্বে সামান্য হট্টগোল হলেও অনুষ্ঠান শেষ হয়।

তথ্য উপদেষ্টা কখন বাইরে বের হবেন, তা ঘিরে কনস্যুলেট ভবনের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ডাকা হয়। পরে রাত ১২টার দিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) নিরাপত্তায় মাহফুজ আলম কনস্যুলেট ত্যাগ করেন।

সরকারি সফরে তিনি আগামী ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *