বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি কোনো শঙ্কা দেখছে না। তবে কিছুটা উদ্বেগ রয়েছে, কারণ কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এসব দুরভিসন্ধি কোনোদিনই সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।
গতকাল (রোববার) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আজ (সোমবার) জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ঠাকুরগাঁও বিএনপির নেতাকর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়েছিল। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। অনেকে কারাভোগ করেছেন, আদালতে হাজিরা দিয়েছেন, এমনকি গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়েও থাকতে হয়েছে।
তিনি বলেন, একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।
তবে এখন বিএনপি সংগঠিত ও উজ্জীবিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাবাদী, অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সব প্রস্তুতি সম্পন্ন। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এটা বিএনপির নেতাকর্মীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা করবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
