রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে চিহ্নিত ৯৪ জন আমলা ও কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে এসব আমলা বিগত দেড় দশক ধরে সরকারের প্রধান সহযোগী হিসেবে কাজ করেছে।
সংগঠনের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। আর শহিদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ৪৪ জন আমলার নাম পড়ে শোনান। তারা দাবি করেন, এসব আমলারা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেকে ‘ফ্যাসিবাদী সরকারের’ সুবিধা নিশ্চিত করছেন।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্য আট দফা দাবি জানায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তালিকাভুক্ত আমলাদের ৩১ মে’র মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো, তদন্ত কমিটি গঠন, ব্যাংক হিসাব জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং ‘স্বৈরাচারের দোসর’দের একটি শ্বেতপত্র প্রকাশ করা।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতে প্রশাসনের বাইরে শিক্ষাঙ্গন, চিকিৎসা, আইন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে থাকা ‘ফ্যাসিবাদের সহযোগীদের’ তালিকাও প্রকাশ করা হবে।
এ বিষয়ে সরকারি মহল বা তালিকায় নাম আসা কারো পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
