টাইব্রেকারে ভারতের কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

By স্পোর্টস ডেস্ক :

2 Min Read

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে পেনাল্টি শুটআউটে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হার মানে লাল-সবুজরা। এতে করে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র দ্বিতীয় মিনিটেই ভারতের শামি সিঙ্গামায়ুম ৩০ গজ দূর থেকে এক দুর্দান্ত ফ্রি কিকে দলকে এগিয়ে দেন। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন বল স্পর্শ করলেও জাল আটকাতে পারেননি। প্রথমার্ধে দুটি বল পোস্টে লেগে ফেরে, ভাগ্যও সঙ্গ দেয়নি বাংলাদেশকে।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজরা। ম্যাচের ৬০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ভারতের রক্ষণে প্রতিহত হলেও গোলমুখে উপস্থিত জয় আহমেদ জোরালো শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচের বাকি সময় এবং যোগ করা সময়ে দুই দলই গোলের জন্য আক্রমণ চালায়। শেষ মুহূর্তে ভারতের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন এক বাংলাদেশি ডিফেন্ডার। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম তিন শটে মিঠু চৌধুরী, মুর্শেদ আলী ও জয় আহমেদ গোল করেন। ভারতের দ্বিতীয় শট রুখে দিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেন কিপার মাহিন। তখন স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

কিন্তু এরপর শুরু হয় বাংলাদেশের দুঃস্বপ্ন। অধিনায়ক ফয়সাল আহমেদ চতুর্থ শটে বল মারেন পোস্টের ওপর দিয়ে। ভারত সেই সুযোগে গোল করে সমতা ফেরায় ৩-৩। এরপর শাহীন আহমেদের পঞ্চম শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। শেষ শটে ভারত গোল করে জয় নিশ্চিত করে নেয় ৪-৩ ব্যবধানে।

শেষ মুহূর্তে এসে হাতছাড়া হয় শিরোপা। জয় খুব কাছে এসেও অধরা থেকে যায়। মাঠজুড়ে হতাশা আর চোখেমুখে বিষাদের ছায়া নিয়ে বিদায় নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *