টাঙ্গাইলে নদী-খাল, বিল ও ঐতিহ্য রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

By টাঙ্গাইল প্রতিনিধি:

2 Min Read

টাঙ্গাইলের নদী-খাল, বিল, জলাশয় এবং ব্রাহ্ম সমাজের ঐতিহ্যবাহী মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সচেতন নাগরিকরা অংশ নেন।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি পুলিশ সুপার, পৌর প্রশাসক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছেও স্মারকলিপির অনুলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার বহু নদী, খাল-বিল ও জলাশয় দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব হারাচ্ছে। একইভাবে শ্যামাবাবুর খাল ও ব্রাহ্ম সমাজের ঐতিহাসিক মন্দিরসহ নানা ধর্মীয় স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবহেলা ও দখলের কারণে বিলুপ্তির পথে। এতে কৃষি, পরিবেশ, প্রাণপ্রকৃতি ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা ও প্রভাবশালীদের দৌরাত্ম্যে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ বেড়ে চলেছে। এতে ভূমিকম্পসহ নানা ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলন ও বালুমহল ঘোষণার কারণে নদীর গতিপথ হারিয়ে জনদুর্ভোগ বাড়ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।

তাদের দাবি, শ্যামাবাবুর খালসহ জেলার সব নদী-খাল অবৈধ দখলমুক্ত করে খনন করতে হবে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থাপনাগুলোকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণ ও পুনর্নির্মাণ করতে হবে।

নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতারা বলেন, “টাঙ্গাইল জেলার প্রাণপ্রকৃতি ও ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *