রাজশাহী থেকে দ্বিতীয়দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে বাস শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন, যা মঙ্গলবারও অব্যাহত রয়েছে।
এর আগে গত ৮ ও ৯ সেপ্টেম্বর টানা ৩৯ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিলেন চালক, সুপারভাইজার ও হেলপাররা। তখন মালিকপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলে তারা কাজে ফেরেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে একজন চালককে মাত্র ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা এবং হেলপারকে ৫৩০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। গত ১৫ বছরে একতা ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো পরিবহনে এ বেতন বৃদ্ধি হয়নি।
শ্রমিকদের এই কর্মবিরতিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসিসহ অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে একতা ট্রান্সপোর্ট ও কিছু লোকাল বাস চলায় আংশিকভাবে যাতায়াত ব্যবস্থা সচল আছে। তবুও হঠাৎ বাস সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

