টেকনাফে পরিত্যক্ত ডোবা থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি ডোবার পানি থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। পুলিশ জানায়, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। তাঁদের একজন হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে ডোবায় নেমে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ইট আকৃতির পাঁচটি কার্ড উদ্ধার করা হয়। প্রতিটি কার্ডের ভেতর থেকে ধাপে ধাপে প্যাকেটে রাখা মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর ওজন প্রায় ৪ কেজি ৮০০ গ্রাম। স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোয়াইক্যং এলাকায় বসবাসকারী রোহিঙ্গা শামসুদ্দিন (৩৫) এবং অজ্ঞাত আরও কয়েকজন এই চালানের সঙ্গে জড়িত।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. ইছমাইল হোসেন বাদী হয়ে শামসুদ্দিনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবার বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *