চাকরির গ্রেড পদ্ধতিতে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির হার বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, সম্প্রতি দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করার দাবি তোলা হয়েছে, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার। তারা উল্লেখ করেন, টানা ৭৩ বছর (১৮৭৬-১৯৪৯) দেশে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু ছিল না। সেই সময় শিল্প, নির্মাণ ও অবকাঠামো খাত পুরোপুরি পরিচালিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত ধরে। পরবর্তীতে ১৯৪৯ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু হলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের শিল্প, বিদ্যুৎ, পানি, সড়ক, সেচ ও কারিগরি খাতের মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তারা অভিযোগ করেন, যুগ যুগ ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্বের চেষ্টা হয়েছে—পদবী পরিবর্তন, অবনমন, এমনকি ফোরম্যান/সুপারভাইজার বানানোর ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। আন্দোলন, ত্যাগ আর রক্তের বিনিময়ে ১৯৭৮ ও ১৯৯৪ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% পদোন্নতি, ১০ম গ্রেডভুক্ত পদে নিয়োগ এবং প্রকৌশলী পদবী নির্ধারণ করা হয়। চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানসম্পন্ন ডিপ্লোমা শিক্ষা চালু হওয়ার পরও তাদের মর্যাদা আজও অবমূল্যায়িত হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড—বিদ্যুৎ উৎপাদন, পানি উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, শিল্পকারখানা, তেল-গ্যাস অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ কাজে মাঠপর্যায়ে সর্বাধিক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিদেশেও হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশের সুনাম বয়ে আনছেন।
দাবিসমূহ :
সংবাদ সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন—
১. ৩৩% পদোন্নতি বহাল রাখা ও তা ৫০%-এ উন্নীত করা।
২. প্রকৌশল বিভাগকে ডেস্ক ইঞ্জিনিয়ারিং ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং—দুটি ধারায় বিভক্ত করা। (ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ফিল্ড ধারা ও বিএসসি ইঞ্জিনিয়াররা ডেস্ক ধারায় সর্বোচ্চ পদে পদোন্নতির সুযোগ পাবেন।)
৩. একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করে ডিপ্লোমা থেকে বাধ্যতামূলকভাবে বিএসসি ভর্তির সুযোগ নিশ্চিত করা।
৪. আন্তর্জাতিক মানে ডিপ্লোমা কারিকুলাম হালনাগাদ ও উচ্চশিক্ষার আসন সংখ্যা বৃদ্ধি।
৫. উপ-সহকারী প্রকৌশলী পদকে ফোরম্যান/সুপারভাইজার/টেকনিশিয়ান পদে রূপান্তরের ষড়যন্ত্র বন্ধ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কাউন্সিলর জিয়া উদ্দিন আহমেদ, সভাপতি এ আর জামিল ইদি ও সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।

