ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে: প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আজকের প্রেস ব্রিফিং, ছবি - নিউজনেক্সট।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দেওয়া প্রতিশ্রুতি থেকে কোনোভাবেই সরে আসবেন না।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া এবং ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজও উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা একটি কথার মানুষ। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করবেনই। সব রাজনৈতিক দল তার প্রতি সমর্থন জানিয়েছে এবং তাকে অনুরোধ করেছে—নির্বাচন সম্পন্ন না করে যেন তিনি পদত্যাগ না করেন।

তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাবনায় এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। তবে বিএনপি জানিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বিচার প্রক্রিয়া চলতি মাসের মধ্যেই শুরু হবে। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।

তিনি আরও বলেন, বৈঠকটি হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে এবং শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন বাতিলের দাবি তুলেছে। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দিষ্ট করে কিছু বলেননি।

বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হলেও, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বলে জানান প্রেস সচিব।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *