ঢাবি হল ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা, তদন্তে কমিটি গঠন

By বিশেষ প্রতিনিধি :

3 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের জন্য ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করলে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং ১৫ জুলাইয়ের হামলায় জড়িত একাধিক ব্যক্তি কমিটিতে স্থান পেয়েছেন। এ ঘটনায় ছাত্রদল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

হল এলাকায় কমিটি প্রদানের প্রতিবাদে রোকেয়া হলে ছাত্রীরা প্রতিবাদী মিছিল করেছে।

গত বছরের ১৭ জুলাই ছাত্রলীগ নেতাকর্মীদের হল থেকে বের করে প্রশাসনের কাছ থেকে রাজনীতিমুক্ত হলের মুচলেকা নিয়েছিলেন শিক্ষার্থীরা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাকিবুল হাসান সৌরভ, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন, তবে ২৪ জুলাই পদত্যাগ করেন।

বিজয় একাত্তর হল ছাত্রলীগের গেস্টরুমে জুনিয়রদের নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অপরাধবিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব এবং দর্শন বিভাগের নিবিড় খান লোহানী যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ে যুক্ত থাকার অভিযোগে এবং ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে বয়কট করেছিলো শিক্ষার্থীরা। তবে মাহমুদ হাসান এই কমিটিতে আছেন।

ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী জান্নাতুল ফেরদৌস পুতুল কুয়েত-মৈত্রী হলের সদস্য সচিব পদে রয়েছেন।

এছাড়া ২০২৪ সালের নির্বাচনে নাটোরে আওয়ামী লীগের সমন্বয় কমিটিতে থাকা আজিজুল হাকিম জিয়া হলে যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদহ আসনের সমন্বয় কমিটির সদস্য শিবলী রহমান পাভেল মুহসীন হলের যুগ্ম আহ্বায়ক। একই হলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, মোয়াজ শাহরিয়ার অপু, জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত জীম, ফজলুল হক মুসলিম হলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সুফিয়া কামাল হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, শহীদুল্লাহ হলের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী শান্ত, এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিথসহ অনেকে ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

কমিটি ঘোষণার পর এসব তথ্য সামনে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জানান, “আমরা আবেদনপত্র গ্রহণ করেছিলাম, যারা যুক্ত হতে চেয়েছিল তাদের পদায়ন করা হয়েছে। আবেদনকালে অনেকেই তথ্য লুকিয়ে থাকতে পারেন, এসব বিষয় আগে আমাদের জানা ছিল না। তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

অন্যদিকে, দীর্ঘদিন ধরে হল ও একাডেমিক এলাকায় রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তারা ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, অভ্যুত্থানের পর সকল ছাত্রসংগঠন হল ও একাডেমিক এলাকায় রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়েছিল। কিন্তু গুপ্তভাবে শিবির হলগুলোতে কমিটি কার্যকর হয়েছে। এরপর ছাত্র ইউনিয়ন এবং সর্বশেষ ছাত্রদল হলে কমিটি দিয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এ বিষয়ে কঠোর নিন্দা জানাই।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *