ইরানের দক্ষিণাঞ্চলে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলারের চুক্তি করেছে তেহরান ও মস্কো। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) জানায়, চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে প্রায় ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গায় চারটি ইউনিট নির্মিত হবে। প্রদেশটি কৌশলগতভাবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছাকাছি অবস্থিত।
ইরনার তথ্য অনুযায়ী, নতুন এই ‘জেনারেশন থ্রি’ রিঅ্যাক্টরগুলো মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
এর আগে গত বুধবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে একটি সমঝোতা স্মারক সইয়ের ঘোষণা দিয়েছিল। তবে সেখানে কতগুলো কেন্দ্র নির্মিত হবে, তা উল্লেখ করা হয়নি।
