কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন সাংবাদিকদের জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।
গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এ মামলায় শেখ হাসিনাও আসামি। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।
এর আগে, ১৭ আগস্ট ওই মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে রিমান্ডে নেয় পুলিশ।
একই দিনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দেয়।
সংগঠনটির দাবি, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়েই নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন। জেআরএ-এর ফেসবুক পোস্টে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার, পুনাব, জুলাই ঐক্য ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল।
